সময়ের জনমাধ্যম

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে: ডিবি

Last Updated on 4 months by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থীত মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে। পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচজন পলাতক রয়েছে।

হাদি হত্যাকাণ্ড নিয়ে শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।