Last Updated on 2 years by BISWAS
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ফায়ার সার্ভিসের ৭ ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
এর আগে, ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছিল, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর সেখানে মোট ৭টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন লাগা ভবনের দ্বিতীয় তলায় কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর ভবনে ছাদে গিয়ে আশ্রয় নেওয়া চার ব্যক্তিকে জীবিত নামিয়ে আনা হয়।
এদিকে জানা যায়, হাতিরপুল কাঁচাবাজারের পাশে অবস্থিত রাজ কমপ্লেক্স নামের ছয়তলা ভবনটির দ্বিতীয় তলায় একটি কার্পেটের গুদাম রয়েছে। সেখানেই প্রথমে আগুন লাগলেও তা ভবনের অন্যত্র ছড়িয়ে পড়েনি। তবে এখনও দোতলার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।


