Last Updated on 2 years by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। হ্যাকাররা পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করে । তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নেয়।
এ ব্যাপারে ফেসবুকে হানিফ সংকেত লিখেন, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন তিনি। ‘ইত্যাদি’-তে সমাজের নানা অসংগতি নিয়ে নাটিকা, কৌতুক, আশাবাদের গান ও তৃণমূল মানুষের সাফল্য তুলে ধরা হয়।
নাটক নির্মাণেও হানিফ সংকেতের সাফল্য রয়েছে। উৎসব ও বিশেষ দিনগুলোয় তাঁর পরিচালনায় নাটকগুলো দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। তাঁর বানানো জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’, ‘কুসুম কুসুম ভালোবাসা’, ‘তোষামেদে খোশ আমোদে’, ‘শেষে এসে অবশেষে’ উল্লেখযোগ্য। হানিফ সংকেত অভিনয়ও করেছেন, লিখেছেন রম্যরচনাও।

