Last Updated on 2 years by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ফুটবলপ্রেমীদের রোমাঞ্চের এক রাতের পর সকালের আগমন। পর্দা নেমেছে মহাদেশীয় দুই ফুটবল আসরের। রাতে ইউরো ফাইনালে স্পেনের জয়ের পর সকালে কোপায় আর্জেন্টিনার চ্যাম্পিয়ন। এ এমনই অনন্য এক রাত!
এমনই কল্পনায় সবার আগে উঠে আসেন ইয়ামাল। যে লিওনেল মেসির হাতে গোসল করে, আসলে অগ্নিস্নানে শুচি হয়ে ছেলেটি এতটা পথ উঠে এল, বিধিলিপি তাকে এড়িয়ে যায় কীভাবে! পরম্পরার সার্থক হাতবদলে ইয়ামালের হাতে শিরোপাটা তুলে দিতেই হতো।
আগুনে আক্রমণে নবরূপে সাজা এই স্পেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে, নতুন প্রজন্মও দায়িত্ব বুঝে নিতে প্রস্তুত—ফাইনালে ইয়ামালের পাস থেকে নিকো উইলিয়ামসের গোলটি যেন সেই দায়িত্ব বুঝে নেওয়ারই ইঙ্গিত। বাকিটা তো আপনার জানাই—বিধিলিপি কখনো ভুল বিচার করে না।
এই স্পেন চ্যাম্পিয়ন না হলে যেমন ‘অন্যায়’ হতো, তেমনি এই স্পেন সর্বোচ্চ চারবার ইউরো জিতে রেকর্ড গড়েছে, ইয়ামাল তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, কাস্তিয়ান নাইট ‘এল সিড’-এর মতো রদ্রি মাঝমাঠের অজেয় সিপাহসালারের ভূমিকায় হয়েছেন টুর্নামেন্টসেরাও—তবে এসবের বাইরেও অদৃশ্য যোগসূত্রে পরম্পরার সেই হাতবদলটা ঠিকই ঘটেছে।
বাংলাদেশ সময় গতকাল রাত ৩টা নাগাদ আপনি যখন ইয়ামালের হাতে ইউরোপসেরার শিরোপা দেখছেন, তখনো জানতেন না মায়ামিতে লিওনেল মেসির হাতে শিরোপা উঠবে কি না।
সে কাণ্ডটিও ঘটে যাওয়ার পর নিশ্চয়ই আর বুঝতে বাকি ছিল না, বিধিলিপি ভুল বিচার করে না। বার্লিনে ১৭ বছর বয়সী স্প্যানিশ ‘উষা’ উদিত হওয়ার পর আটলান্টিকের ওপারে রেঙেছে অস্তরাগের ‘সূর্য’। কেউ কেউ সেই সূর্যকে ‘অবিনশ্বর ঈশ্বর’ও বলেন।
১৬ বছর ধরে এই ‘দেবদূত’ আর্জেন্টাইনদের অবিনশ্বর ঈশ্বরের খেয়াল রাখার পর কাঁদতে কাঁদতে ডানা গোটালেন। দি মারিয়ার কান্নার আগে বর্ষা নেমেছে আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের চোখেও।
৬৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চে অঝোরে কেঁদেছেন মেসি। কে বলবে, এই মানুষটি ফুটবলে সবকিছু জিতেছে! কে বিশ্বাস করবে, এ মানুষটি তিন বছর ধরে আর্জেন্টাইনদের সবকিছু জেতানোর পরও একটি ম্যাচে স্রেফ চোটের কারণে বের হয়ে আসার দুঃখে শিশুর মতো কাঁদতে পারে!
মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে ইউরোপের উয়েফাকেই সবচেয়ে প্রভাবশালী বিবেচনা করা হয়। ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন দলের জন্য উয়েফার বরাদ্দ ছিল ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ স্পেন চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।
আর রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ কোটি টাকা। ২৪ দল নিয়ে আয়োজিত ইউরো ২০২৪-এর জন্য উয়েফা মোট প্রাইজমানি রেখেছিল ৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। সেখানে চ্যাম্পিয়ন হয়ে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পেয়েছে আর্জেন্টিনা। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি।
রানার্সআপ হওয়া কলম্বিয়ার পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি। ১০ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ছিল ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার।


