সময়ের জনমাধ্যম

স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় প্রবাসীদের ভূমিকা অপরিহার্য : কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনার

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 12 mins by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: যথাযোগ্য মর্যাদা , গভীর শ্রদ্ধা এবং ভাবগম্ভীর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ১৫ মিনিটে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকতা শুরু হয়।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কমিউনিটি নেতা ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী।

ছবি: জাজিরা নিউজ

পরে হাইকমিশনের হলরুমে হাইকমিশনার মনজুরুল করিম খানের সভাপতিত্বে ও প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “মহান স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

হাইকমিশনার আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গত পাঁচ দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবে।

ছবি: জাজিরা নিউজ

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব ধরনের সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আলোচনা সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য দেন প্রকৌশলী মো. বাদলুর রহমান খান, পেশাজীবী বেদৌরা নাজনীন, মাহবুব আলম শাহ, সাংবাদিক মো: আমিনুল ইসলাম রতন ও রেমিট্যান্স যোদ্ধা রবিন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান ও স্বাধীনতা দিবসভিত্তিক কবিতা আবৃত্তির মাধ্যমে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ, সাংবাদিক, পেশাজীবী, সাধারণ প্রবাসীরাসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।