সময়ের জনমাধ্যম

ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে সৌদিসহ ৬ দেশ

ছবি- এআই

Last Updated on 8 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য একক ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিট দিয়েই ছয়টি জিসিসিভুক্ত দেশ সফর করতে পারবেন।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এ তথ্য জানান গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি।

তিনি জানান, বহুল প্রতীক্ষিত এই ইউনিফাইড ভিসা সুবিধা খুব শীঘ্রই আলোর মুখ দেখবে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যাতায়াত আরও সহজ করবে।

একক ভিসার আওতায় বিদেশী পর্যটকরা যৌথভাবে ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।

তবে এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ, আবেদন প্রক্রিয়া, ফি কিংবা এর মেয়াদ কত দিন হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে। সূত্র: খালিজ টাইমস