Last Updated on 26 seconds by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়া দলের আরও অনেকের সংশ্লিষ্টতার দাবি তুলেছেন তিনি।
এবার এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার দাবি, পাকিস্তানি ক্রিকেটাররাও একসময় বল টেম্পারিং করতেন। তবে এ কাজে স্যান্ডপেপার নয়, ব্যবহার করা হতো বোতলের ছিপি।
২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্ব ক্রিকেটে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত ওই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে বলের ওপর স্যান্ডপেপার ঘষতে দেখা যায় টেলিভিশন ক্যামেরায়। পরবর্তী তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’-এ দাবি করেছেন, কেপটাউন টেস্টে বল বিকৃতির বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি ওই ঘটনার আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও একই ধরনের কর্মকাণ্ড ঘটেছিল বলে উল্লেখ করেছেন তিনি। খাজার বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে ক্রিকেটের আলোচিত সেই অধ্যায়।
এ বিষয়ে ক্রিকেটবিষয়ক সাময়িকী উইজডেনকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, বল টেম্পারিং নিয়ে অতিরিক্ত আলোচনা করে লাভ নেই। পাকিস্তানের ক্রিকেটাররাও অতীতে এমন কাজ করেছেন, তবে তাদের ব্যবহৃত উপকরণ ছিল ভিন্ন।
আখতার বলেন, ‘আরে ভাই, এবার এটা ছেড়ে দাও। এ নিয়ে এত হইচই কেন? আমি বুঝি, এটি ক্রিকেটের ক্ষতি করেছে। আমাদের ক্রিকেটেরও ক্ষতি করেছে। ইংল্যান্ডে আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। বল পরিবর্তন করতাম, আরও অনেক কিছুই করতাম। ঠিক আছে, সত্যিটা সামনে এসেছে, এ পর্যন্তই। কিন্তু এ নিয়ে এত মাতামাতির দরকার নেই।’
পাকিস্তানের সাবেক সতীর্থদের প্রসঙ্গেও কথা বলেছেন এই গতি তারকা। তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানা থাকলেও সেসব প্রকাশ করে কাউকে বিব্রত বা বিপদে ফেলতে চান না বলে জানান তিনি।
আখতারের ভাষায়, ‘আমার সাবেক সতীর্থদের নিয়ে অনেক কিছু বলার আছে। তারা কী কী ভুল করেছেন, সে সম্পর্কেও অনেক কিছু জানি। কিন্তু আমি সেসব বলতে চাই না। তাদের বিপদে ফেলতে পারি না। এমন সময়ও এসেছে, যখন মনে হয়েছে আমি যেন ২২ জনের বিপক্ষে খেলছি। কারণ, যাদের বিপক্ষে খেলেছি, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সন্দেহের মধ্যে ছিল। ফলে কাকে বিশ্বাস করব, বুঝতে পারতাম না।’
খাজার বক্তব্যের যৌক্তিকতা নিয়েও মন্তব্য করেছেন আখতার। তার মতে, দলের অন্য সদস্যদের অজ্ঞাতে এমন ঘটনা ঘটানো কঠিন। এটি এক বা দুজনের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় ছিল না বলেই মনে করেন তিনি।
এ প্রসঙ্গে আখতার বলেন, ‘উসমান যা বলেছে, সেটি দলীয় সিদ্ধান্ত হওয়াই স্বাভাবিক। দু-একজনের সিদ্ধান্তে এমনটা হতে পারে না। দুঃখিত, এ কথা বলতে হচ্ছে। আমরা ক্রিকেট বল নিয়ে খেলতাম, অনেক কিছুই করতাম। কিন্তু পুরো দলই জানত। কারণ, বল রিভার্স সুইং না করাতে পারলে আমরা ম্যাচ জিততে পারতাম না।’
তবে খাজার বক্তব্য প্রকাশের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তার মতে, বিষয়টি সামনে আনার ক্ষেত্রে আরও উপযুক্ত সময় বেছে নেওয়া যেত।
আখতার বলেন, ‘এখন যা সামনে আসছে, তা একেবারেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তবে এমনটা হওয়া উচিত ছিল না। খাজা সঠিক কাজ করেছেন, কিন্তু বিষয়টি সামনে আনার সময়টা আরও ভালো হতে পারত।’


