Last Updated on 9 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। পরে ছোট নৌকায় করে তাদের গভীর সমুদ্রে থাকা একটি ট্রলারে নেওয়া হয়। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হলে নির্যাতন এবং সাগরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এভাবে একটি ট্রলারে ৭২ জনকে বন্দি করে রাখা হয়েছিল। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে একপর্যায়ে প্রতিরোধ গড়ে তোলেন তারা। দালালচক্রের সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে নিজেরাই কক্সবাজার উপকূলে ফিরে আসেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছের শৈবাল পয়েন্টে ট্রলারটি এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় সেখান থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কাউকে বাড়ি থেকে ডেকে, কাউকে কাজের সুযোগ দেওয়ার কথা বলে, আবার কাউকে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফে নেওয়া হয়। সেখানে আটকে রাখার পর ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে স্থানান্তর করা হয়। এরপর শুরু হয় শারীরিক নির্যাতন ও পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা।
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে সঙ্গে নিয়ে টেকনাফে পরিচিত এক ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর তাদের একটি ঘরে বন্দি করে রাখা হয়। কিছু সময় পর বুঝতে পারেন, তারা মানবপাচারকারীদের কবলে পড়েছেন।
রিদুয়ানের ভাষ্য, আটকে রাখার পর তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও অন্যান্য অস্ত্র হাতে কয়েকজন পাহারায় থাকত। আট থেকে নয় দিন বন্দি রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ হয়ে বালুচরের একটি জায়গায় নেওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে পাঠানো হয়।
তিনি জানান, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌযানে আরও দুই দিন থাকতে হয়েছে তাদের। এ সময় প্রতিদিন দুবার অল্প পরিমাণ খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছিল।
রিদুয়ান আরও বলেন, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে আলোচনা করতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে বন্দিদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।
চকরিয়ার এক রাজমিস্ত্রিও কাজ দেওয়ার কথা বলে টেকনাফে নিয়ে অপহরণের শিকার হন বলে জানিয়েছেন। জমি মাপজোখের কাজ শেষে হিসাব-নিকাশ করার কথা বলে তাকে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে ঢোকার পর দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি তার মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাকে। ওই সময়ে পর্যাপ্ত খাবার দেওয়া হয়নি এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগও ছিল না।
মুক্তার হোসেন নামে আরেকজন জানান, নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব পান তিনি। শুরুতে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর আশ্বাস দেওয়া হয়। দালালের দেওয়া ঠিকানা অনুযায়ী কক্সবাজারে পৌঁছালে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান তিনি।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারটিতে মোট ৭২ জন ছিলেন। তাদের মধ্যে সাতজনকে দালালচক্রের সদস্যরা সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি থামার পর তারা নেমে ঝাউবাগানের দিকে চলে যান। পরে স্থানীয় লোকজন তাদের ধরে সেখানে বসিয়ে রাখেন।
টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, অতিরিক্ত মারধরের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ট্রলারে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে চক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে চড়ে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।
এদিকে সাগরে বন্দি ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের কাছেও মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর স্বজনদের ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা কিংবা অন্য দালালদের কাছে হস্তান্তরের ভয় দেখানো হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন অভিভাবক।
উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে স্বজনেরা কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, টানা ১০ দিন ধরে ছেলের কোনো সন্ধান পাচ্ছিলেন না। এর মধ্যে একটি নম্বর থেকে ফোন করে ছেলের বিষয়ে জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলে কান্নাজড়িত কণ্ঠে সে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনে থাকা ব্যক্তি ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের কাছে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে একজনসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।
উদ্ধার হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, টেকনাফভিত্তিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও পাচার করছে। প্রথমে পরিচিত ব্যক্তি কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনেরা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় নেওয়া হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


