সময়ের জনমাধ্যম

পাগলা মসজিদের তহবিলে ১৩৩ কোটি টাকা, দানবাক্সে মিলল ৫১ বস্তা

Last Updated on 6 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে বর্তমানে জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর পাশাপাশি অনলাইনে দান থেকে এসেছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

এদিকে প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দানের পরিমাণের দিক থেকে এটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। টাকা গণনা শেষ হলে এবার মোট কত অর্থ জমা পড়েছে, তা জানা যাবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দানবাক্স খোলার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত ১২ অক্টোবর মসজিদের সিলগালা খোলার পর ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন অঙ্কের মুদ্রা পাওয়া যায়। পরে বিদেশি মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ এবং নিলামে বিক্রির প্রক্রিয়া এখনো চলমান। জেলা প্রশাসক জানিয়েছেন, দ্রুতই এসব কার্যক্রম শেষ করা হবে।

এবার দানবাক্সের অর্থ গণনায় অংশ নিচ্ছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী।

অর্থ গণনা ও দানবাক্স খোলার কার্যক্রম তদারক করছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত সাত সদস্যের একটি উপকমিটি। নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ব্যাটালিয়ন আনসারের ১০ সদস্য।

এর আগে গত ২৭ জুন সর্বশেষ পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। ওই দিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় জমা হয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া তখন বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রীও পাওয়া যায়।

সাধারণত প্রতি তিন থেকে চার মাস অন্তর মসজিদের দানবাক্স খোলা হয়। প্রতিবারই দানের পরিমাণ আগের হিসাবকে ছাড়িয়ে যায়। এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।