সময়ের জনমাধ্যম

‘কাফনের কাপড় প্রস্তুত রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি

ওসি মোহাম্মদ আব্দুল হালিম। ছবি - সংগৃহীত

Last Updated on 31 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর সরকারি মোবাইল ফোনে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এতে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার পাশাপাশি বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে এসব বার্তা পাঠানো হয় বলে জানা গেছে।

প্রেরিত বার্তাগুলোর একটিতে ইংরেজিতে লেখা হয়, ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon’। এর পাশাপাশি বাংলায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’। একই সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরেকটি বার্তায় ওসিকে নিজের ও থানার নিরাপত্তার কথা চিন্তা করে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাঁকে রেহাই দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। বার্তার শেষাংশে লেখা ছিল, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিজের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।