সময়ের জনমাধ্যম

‘আগুন সন্ত্রাসের’ বিরুদ্ধে ২০২৪ সালের মতো প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Last Updated on 6 hours by zajira news

নিজস্ব, প্রতিবেদক, জাজিরা নিউজ: ‘আগুন সন্ত্রাস’ ও সহিংসতা প্রতিরোধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ, হামলা ও হত্যার রাজনীতি শুরু করেছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম, খুন ও ভোট দখলের রাজনীতি চায় না। অতীতে ক্ষমতা ধরে রাখতে ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের রাজনীতির বিরুদ্ধে তাঁর আহ্বান—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়।’

তিনি বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হবে খাল খনন, কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি, শিক্ষার উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এ ছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে খুলনা থেকে লালমনিরহাট, রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, গত কয়েক মাসে দক্ষ ও অদক্ষ মিলিয়ে পাঁচ লাখ তরুণকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরও কর্মীর কাজের সুযোগ তৈরিতে সরকার উদ্যোগ নিচ্ছে।

জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তির সম্মানী ভাতা, ‘নতুন কুঁড়ি-স্পোর্টস’ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেন তিনি। পরে মহেন্দ্রনগরে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় খালে মাছের পোনা অবমুক্ত ও খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।