সময়ের জনমাধ্যম

পুতিনের পারমাণবিক ব্রিফকেস ঘিরে চাঞ্চল্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় রুশ বোমারু বিমান

Last Updated on 28 seconds by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের ব্যস্ততার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা একটি বিশেষ ব্রিফকেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ওই ব্রিফকেসে রয়েছে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয় কোড।

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে ব্রিফকেসটির উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, এর মধ্য দিয়ে মস্কো নিজেদের সামরিক ও পারমাণবিক সক্ষমতার বিষয়টি সামনে আনতে চাইছে।

এপেক সম্মেলনকে কেন্দ্র করে চলতি সপ্তাহে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়েও আলোচনা বেড়েছে। জাপানের অভিযোগ, সন্দেহভাজন দুটি রুশ বিমান দেশটির আকাশসীমা অতিক্রম করেছে। একই সময়ে তাইওয়ান জানিয়েছে, রাশিয়ার দুটি সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল।

তাইওয়ানের কাছাকাছি রুশ বিমানের উপস্থিতির কয়েক ঘণ্টা পর ভিয়েতনামের দা নাং বিমানবন্দরে দুটি রুশ টিইউ-৯৫ ‘বেয়ার’ কৌশলগত বোমারু বিমানের অবস্থান স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এসব বিমানের সঙ্গে ছিল রাশিয়ার দুটি আইএল-৭৬ সামরিক পরিবহন বিমান।

সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিমানবন্দরে রুশ সামরিক বিমানের এমন অবস্থানকে ব্যতিক্রমী শক্তি প্রদর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে দ্রুত ও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রুশ সামরিক বাহিনীর সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতিও চাপে রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও পুতিনের অবস্থান আগের তুলনায় দুর্বল হয়েছে বলে তাঁদের মূল্যায়ন।

এমন প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড বহনকারী বলে দাবি করা ব্রিফকেস, জাপান ও তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমানের তৎপরতা এবং ভিয়েতনামে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানের উপস্থিতিকে একই ধরনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।