সময়ের জনমাধ্যম

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি

Last Updated on 6 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিন জেলায় মোট ৪২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা সরাসরি ভিডিওচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সদস্যরা। পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।