সময়ের জনমাধ্যম

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি উৎসর্গ, লিটনের আবেগঘন উদযাপন

Last Updated on 25 mins by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মেয়ের তৃতীয় জন্মদিনে তার পাশে থাকতে পারেননি বাবা লিটন দাস। জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে তখন তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। তবে দূরে থেকেও মেয়ের বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। ব্যাট হাতে শতক তুলে নিয়ে সেই অর্জনই উৎসর্গ করেছেন ছোট্ট আনায়রাকে।

সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে বের করেন নিজের হাতে লেখা একটি বার্তা। সেখানে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, দিস হান্ড্রেড ফর ইউ।’ অর্থাৎ, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই শতক তোমার জন্য।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালে এমন আবেগঘন উদযাপনে মাতেন লিটন। আগের দিন ১৩৮ বলে ৯২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। শতকের মাইলফলক থেকে তখন প্রয়োজন ছিল মাত্র আট রান।

তবে এই ইনিংসের শতক পূর্ণ করার পেছনে ছিল মেয়ের জন্মদিনে বাবার ভালোবাসার এক বিশেষ পরিকল্পনা। ১৬ নভেম্বর তিন বছরে পা দিয়েছে লিটনের মেয়ে আনায়রা। জন্মদিনে মেয়ের কাছে থাকতে না পারলেও ব্যাট হাতে বড় কোনো অর্জন করতে পারলে সেটি তাকে উপহার দেওয়ার ইচ্ছা ছিল লিটনের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরে লিটন জানান, প্রথম দিন ৯২ রানে অপরাজিত থাকার পর হোটেলে ফিরে স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। তখন মেয়েকে কীভাবে চমকে দেওয়া যায়, তা নিয়ে ভাবলেও বিশেষ বার্তা দেখানোর পরিকল্পনাটি মাথায় আসেনি। পরদিন সকালে হঠাৎ করেই এমন উদযাপনের কথা মনে হয় তাঁর।

লিটনের ভাষায়, ‘যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, রুমে গিয়ে চিন্তা করছিলাম। অবশ্যই আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা হয়েছে। আজকে তার জন্মদিন ছিল। কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়, সেটা ভাবছিলাম। তবে তখন এই আইডিয়াটা আসেনি। সকালে আমার মনে হয়েছে, এরকম কিছু করা যায় কি না। যদি সেঞ্চুরিটা না হতো, তাহলে হয়তো কাগজটা পকেটেই থেকে যেত। আমি খুশি।’

শতক করার পরও মেয়ের সঙ্গে কথা বলা হয়নি লিটনের। বয়স কম হওয়ায় বাবার এই অর্জনের বিশেষত্ব এখনো বোঝার মতো বড় হয়নি আনায়রা। তবে মেয়েকে সামনে না পেলেও নিজের গুরুত্বপূর্ণ অর্জনটি তার নামে উৎসর্গ করতে চেয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মেয়ের সঙ্গে কথা হয়নি। অবভিয়াসলি অনেক ছোট, এত কিছু বুঝবে না। তবে এটা আমার ভেতরে ছিল। আমি নিজের মধ্যেই রেখেছিলাম, যদি বিশেষ কিছু করতে পারি, তাকে উৎসর্গ করব। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়।’

মেয়ের জন্য লেখা বার্তাটি নিজ হাতেই তৈরি করেছিলেন বলে জানান লিটন। আগের দিন রাতে বিষয়টি নিয়ে ভাবলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন দ্বিতীয় দিনের সকালে। এরপর মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন তিনি। সঙ্গে সঙ্গে পকেট থেকে বার্তাটি বের করে ক্যামেরার সামনে তুলে ধরেন। ব্যাট উঁচিয়ে প্রচলিত উদযাপনের বদলে সেদিন বাবার স্নেহমাখা বার্তাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

এই শতকের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই তাঁর প্রথম টেস্ট শতক। ১৫৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর ইনিংসকে আরও সমৃদ্ধ করেন তিনি। শেষ পর্যন্ত ১৭৯ বলে ১২০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছক্কা।

তাওহীদ হৃদয়ের সঙ্গে লিটনের গড়া ২০৬ রানের জুটিও বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরুতে মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে এই জুটিই ঘুরে দাঁড়াতে সহায়তা করে। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ।