Last Updated on 11 mins by zajira news
সজিব হাসান,মালয়েশিয়া প্রতিনিধি: পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ২০১৬ সালে বৈধভাবে চাকরি নিয়ে মালয়েশিয়ায় যান কুড়িগ্রামের রৌমারীর বাসিন্দা মো. শাহজামাল (৪০)। তবে দেশটিতে পৌঁছানোর মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়ে পাসপোর্টসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারান তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর দুর্ভোগ।
পাসপোর্ট হারানো এবং স্থানীয় ভাষা বুঝতে না পারার কারণে কয়েক দিনের মধ্যে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শাহজামাল।
অভিযোগ রয়েছে, তাঁর পরিচয় নিশ্চিত করতে না পেরে পুলিশ তাঁকে বাংলাদেশি নাগরিকের পরিবর্তে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করে কারাগারে পাঠায়। পরিচয়সংক্রান্ত এই ভুলের জেরে দীর্ঘ ১১ বছর ধরে তাঁকে বন্দী থাকতে হচ্ছে বলে জানা গেছে।
এদিকে দীর্ঘদিনের অনুপস্থিতিতে শাহজামালের পরিবারের জীবনেও নেমে আসে বিপর্যয়। নদীভাঙনে তাঁদের বসতভিটা বিলীন হয়ে গেছে। ছেলের কোনো খোঁজ না পেয়ে শোক ও হতাশার মধ্যে মারা যান তাঁর বাবা বাছির আলী।
শাহজামালের পরিচয় ও অবস্থান নিয়ে রোববার ‘মালয়েশিয়ার ১১ বছর ধরে বন্দী শিবিরে কে এই শাহজামাল?’ শিরোনামে দৈনিক নয়া দিগন্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। খবরটি প্রকাশের পর মালয়েশিয়ার প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি গ্রামের শাহজামালের পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর তাঁর বড় ভাই মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দূতাবাসের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।
তিনি জানান, প্রবাসীদের কল্যাণে কাজ করা মেহেদী হাসানের মাধ্যমে শাহজামালের মূল পাসপোর্টের একটি ফটোকপি তাঁর হাতে এসেছে। ওই নথির ভিত্তিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শাহজামালের অবস্থান শনাক্ত করে যত দ্রুত সম্ভব তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহজামাল মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি বন্দী শিবিরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে শাহজামালের স্ত্রী গোলাপী বেগম জানান, ২০১৬ সালে স্বামী মালয়েশিয়ায় যাওয়ার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর থেকে স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তাঁদের সেই সন্তানের বয়স বর্তমানে ১১ বছর।

