সময়ের জনমাধ্যম

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 1 min by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক প্রকাশনা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রকাশনায় বলা হয়েছে, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার ঘটনাটিও তার সংক্ষিপ্ত পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

তালিকাভুক্ত বাংলাদেশের আরেক ব্যক্তিত্ব ড. হামিদা হোসেন একজন ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠার উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন তিনি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের দায়িত্বও পালন করেছেন।

এ তালিকায় জায়গা করে নেওয়া রাজিয়া সুলতানা রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা একজন আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং মানবপাচারের ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ভূমিকা রাখছেন তিনি। রোহিঙ্গা নারীদের সহায়তা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলেছেন ‘রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি’।

বর্ষসেরা পুরুষ ও নারী নির্বাচিত যারা

২০২৭ সালের প্রকাশনায় ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসা অব্যাহত রাখা এবং পরবর্তী সময়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তার সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।

বিশ্বের ২২০ কোটি মুসলিমের মধ্য থেকে প্রভাবশালীদের মূল্যায়ন

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনার ১৮তম বার্ষিক আয়োজন। বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে এ তালিকা তৈরি করা হয়েছে।

ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যক্তিদের প্রভাবকে মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, প্রকাশিত বই, জনমত, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি অবদানও গুরুত্ব পায়।

প্রকাশনায় প্রথম ৫০ জনকে ধারাবাহিক ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি ৪৫০ জনকে বিভিন্ন পেশা ও অবদানের ভিত্তিতে আলাদা শ্রেণিতে রাখা হয়েছে। এসব বিভাগের মধ্যে রয়েছে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসক, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রমে যুক্ত ব্যক্তি, ব্যবসায়ী, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ, শিল্পী, সংস্কৃতিকর্মী, কোরআন তিলাওয়াতকারী, গণমাধ্যমকর্মী এবং ক্রীড়াবিদ।

তবে প্রকাশক সংস্থাটি স্পষ্ট করেছে, এ তালিকায় কারও অন্তর্ভুক্তি মানেই তার মতাদর্শ, বক্তব্য কিংবা কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানানো নয়। মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাব ও ভূমিকা মূল্যায়ন করাই প্রকাশনাটির মূল লক্ষ্য।