সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে ‘বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত

Last Updated on 29 seconds by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (সেশন-১)’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বিডি সুবাং এফসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুয়ালালামপুরের লিটল ইউএম পার্ক ফুটবল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুটি পৃথক মাঠে চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে শেষ হয় আয়োজনটি।

টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বিডি সুবাং এফসি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এসবি এফসি মালেক্কা। তৃতীয় হয়েছে মাস্টার অন দ্য পিচ।

ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে তিনটি বিভাগে সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। এতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিডি সুবাং এফসির রাব্বি খান। একই দলের আমজাদ খান পেয়েছেন সেরা গোলকিপারের স্বীকৃতি। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এসবি এফসি মালেক্কার আরাফাত।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফিরোজ রব্বানী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিএফসির সভাপতি রাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, সিনিয়র সহসভাপতি আজগর মিলন, সহসভাপতি সোহাগ আহমদ ও শাহজাহান আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্পন্সরদের প্রতিনিধিত্ব করেন মাজারুল আলম, মো. ইব্রাহিম ও ওমর ফারুক। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের মতে, প্রবাসে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং উন্নত আয়োজনের মাধ্যমে এ ধরনের টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তারা।