সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ার প্রতিনিধিদল ঢাকায়, আলোচনা হবে শ্রমবাজার নিয়ে

Last Updated on 43 mins by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরো জোরদার করতে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলটি পৌঁছে।

এ সময় তাদের অভ্যর্থনা জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানিয়েছে, প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চলমান সহযোগিতাকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এই সফর ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান।

এ সময় তিনি প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন। সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে প্রত্যাশা করছে বোয়েসেল। এসব আলোচনা দুই দেশের জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি।

প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।