সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরির অভিযোগে দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে বেশ কিছু সরঞ্জাম জব্দ করে

Last Updated on 1 min by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল নথি তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের কাজে সম্পৃক্ত থাকার সন্দেহে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ অভিযান ‘অপ সারকাপ’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, আটক দুই বাংলাদেশির বয়স ২৩ ও ৩২ বছর। প্রাথমিক তদন্তে তাদের অভিবাসনসংক্রান্ত জাল নথি প্রস্তুতকারী একটি চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার সন্দেহ পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযানের সময় বাসাটিতে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে অন্যের পরিচয় ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তৈরি ই-পাসের একটি মুদ্রিত কপি উদ্ধার করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নয়, এমন একাধিক পরিবর্তিত ই-পাসের কপিও পাওয়া গেছে। পেনাং রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

অভিবাসন বিভাগের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন এবং বিভিন্ন ধরনের জাল নথি তৈরি ও মুদ্রণের কাজে ব্যবহার করা হতো। এসব নথির সহায়তায় অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

শামসুল ফিতরি আহমাদ জানান, চক্রটির মাধ্যমে এখন পর্যন্ত কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট পেয়েছেন, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানস্থল থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি প্রিন্টার ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের এক নাগরিকের পাসপোর্টও উদ্ধার করেছে অভিবাসন বিভাগ।

জব্দ করা যন্ত্রপাতি ও নথিপত্র পরীক্ষা করে চক্রের অন্য সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। একই সঙ্গে অবৈধভাবে কর্মসংস্থান ভিসা সংগ্রহে চক্রটির কার্যক্রম কতটা বিস্তৃত, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।