সময়ের জনমাধ্যম

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলট

Last Updated on 8 mins by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকা এক ব্যক্তির কাছে ভারতের বিমানবাহিনীর স্পর্শকাতর সামরিক তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে দেশটির এক উইং কমান্ডারের বিরুদ্ধে।

পুলিশের দাবি, পাকিস্তানি ওই ব্যক্তির কাছ থেকে নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে সামরিক গোপন নথি পাঠাতেন তিনি। এমনকি একটি ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও করেছিলেন অভিযুক্ত কর্মকর্তা।

দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা ভারতের গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা ও সাংগঠনিক তথ্য, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। পুলিশের মতে, এ ধরনের তথ্য ফাঁস ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

এ ঘটনায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় অভিযুক্ত উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এ সময় একাধিক দফায় সামরিক গোপন তথ্য আদান-প্রদান হয়। ১ এপ্রিল নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

পুলিশের ভাষ্য, পাকিস্তানি এজেন্টের পাঠানো একটি নগ্ন ছবির জবাবে ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠিয়েছিলেন ওই কর্মকর্তা। তাঁদের মধ্যে এমন প্রস্তাবও হয়েছিল যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথি থেকে একটি করে পৃষ্ঠা সরবরাহ করবেন তিনি।

তদন্তকারীদের অভিযোগ, শুধু যুদ্ধপরিকল্পনাই নয়, ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিট সম্পর্কেও বিস্তারিত তথ্য পাচার করেছেন অভিযুক্ত কর্মকর্তা। এর মধ্যে ছিল ওই ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো, পরিচালনপদ্ধতি, ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়ন সক্ষমতা এবং আকাশে অবস্থানের সময়সীমা। ড্রোনের অস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণব্যবস্থা সম্পর্কেও তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে।

যুদ্ধের পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে তথ্যও পাকিস্তানি এজেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়ার বিবরণও পাচার করা হয়েছে বলে দাবি পুলিশের। যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা এবং স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্যও এর মধ্যে ছিল।

তদন্তে আরও জানা গেছে, পাকিস্তানি ওই ব্যক্তি অভিযুক্ত কর্মকর্তাকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার সংযুক্ত বিভিন্ন অ্যাপ এবং লিংক পাঠিয়েছিলেন। এসবের মাধ্যমে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত গোপন তথ্য সংগ্রহের সুযোগ ছিল বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

পুলিশের দাবি, নিজের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার স্থাপনের ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন অভিযুক্ত উইং কমান্ডার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগের তথ্য এবং ডিভাইসে থাকা সংবেদনশীল উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।

অর্থাৎ, নিজের মাধ্যমে তথ্য সরবরাহের পাশাপাশি অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইস ব্যবহার করেও সামরিক গোপনীয়তা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ পুলিশের।

অভিযোগপত্রের সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের কথোপকথনের ডিজিটাল তথ্যপ্রমাণও যুক্ত করেছে দিল্লি পুলিশ। হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাঁদের মধ্যে ৩ হাজার ৮টি লিখিত বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের রেকর্ড পাওয়া গেছে।

এসব ডিজিটাল আলামত পর্যালোচনা করে কতটা সামরিক তথ্য পাচার হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা অনুসন্ধান করছে দিল্লি পুলিশ।