Last Updated on 7 hours by zajira news
ধর্ম ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্ব মুসলিমের মহামিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে।
লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা প্রান্তর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে মিনার তাঁবুর নগরীতে সমবেত হয়েছেন।
এর আগে, গত রবিবার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হাজিরা ধাপে ধাপে মিনার উদ্দেশে রওনা হতে শুরু করেন। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে হাজিদের আত্মসমর্পণের এক অনন্য ও আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়েছে পুরো হজ এলাকায়।
হজের বিধান অনুযায়ী, মিনার এই তাঁবু শহরে অবস্থান করেই হাজিরা হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা সুন্নাত।
পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত-বন্দেগির আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দুরুদ শরিফ পাঠ, পবিত্র কুরআন তিলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন।
হজের সফর মূলত নিয়মানুবর্তিতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ৭ জিলহজের মানসিক ও শারীরিক প্রস্তুতির পর, ৮ জিলহজের এই মিনায় অবস্থান হাজিদের মনে এনে দেয় এক অপার্থিব প্রশান্তি। এখান থেকেই শুরু হয় আল্লাহর সান্নিধ্য লাভের এক মহাসফর।
মিনায় আজকের এই অবস্থানের পরই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা রওনা হবেন পরম কাঙ্ক্ষিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যাকে নবীজি (সা.) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা হিসেবে ঘোষণা করেছেন।


