সময়ের জনমাধ্যম

গ্রিসে ৬ হাজারের বেশি বাংলাদেশি আশ্রয় চেয়ে আটক, দেশে ফিরবেন কী নিয়ে?

ছবি : সংগৃহীত

Last Updated on 1 hour by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর পেছনে অনেক বাংলাদেশির পরিবারের রয়েছে জমি বিক্রি, বন্ধক ও ঋণের বোঝা।

কিন্তু ইউরোপে উন্নত জীবনের আশায় দেশ ছাড়লেও তাঁদের অনেকেরই জুটছে না প্রত্যাশিত কাজ। বরং আশ্রয়ের আবেদন করে বিভিন্ন দ্বীপের আটককেন্দ্রে দিন কাটছে। দেশে ফেরার প্রস্তাব পেলেও পরিবারের শেষ সম্বল বিক্রি করে যাওয়া এসব মানুষের সামনে এখন বড় প্রশ্ন—ফিরে গিয়ে জীবিকা নির্বাহ করবেন কীভাবে?

খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের বাসিন্দা তানভীর আহমেদ হাদী গ্রিসে যাওয়ার জন্য পরিবারের জমি বিক্রি ও বন্ধক রেখে ১৪ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। দালালের সহায়তায় লিবিয়া থেকে বাতাস দিয়ে ফোলানো রাবারের নৌকায় ভূমধ্যসাগর পেরিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। তবে বিদেশে গিয়ে কাজ পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। বর্তমানে লেরোস দ্বীপের একটি অভিবাসী আটককেন্দ্রে রয়েছেন তিনি। সেখানে খাবারের খরচ চালাতে পরিবারকে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হচ্ছে।

তানভীরের ভাষ্য, আটককেন্দ্রে প্রতিদিন একবার খাবার দেওয়া হয়। কিন্তু সেই খাবার অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। পরিবারের কাছ থেকে টাকা না এলে তাঁকে না খেয়ে থাকতে হবে।

তাঁর মতো আরও বহু বাংলাদেশি ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন। লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে মুঠোফোনে কথা বলেছে প্রথম আলো। তাঁদের দাবি, গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকে থাকা বাংলাদেশির সংখ্যা ৮ হাজারের বেশি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছেন ৬ হাজার ১৫০ জন বাংলাদেশি। তবে এথেন্সভিত্তিক বাংলাদেশ-সংশ্লিষ্ট একটি সূত্রের ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি।

এথেন্সে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র গনমাধ্যমকে জানিয়েছে, আশ্রয়ের আবেদন করা বাংলাদেশিদের মধ্যে দুই হাজার জন আটক রয়েছেন—গত সপ্তাহে গ্রিস সরকার দূতাবাসকে এ তথ্য জানিয়েছে। অন্যদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। সেগুলো শেষ হলে সংশ্লিষ্টদের বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

ঢাকার সরকারি একটি সূত্রও জানিয়েছে, গ্রিস থেকে বাংলাদেশ সরকার একটি প্রতিবেদন পেয়েছে। সেখানে অনিয়মিত পথে দেশটিতে প্রবেশ করে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তানভীর ২০২৪ সালে এসএসসি পাস করেন। তাঁর ছোট ভাই ও বোন এখনো পড়াশোনা করছে। লেখাপড়া শেষ করেও অনেককে বেকার থাকতে দেখে তাঁর ধারণা হয়েছিল, দেশে ভালো চাকরি পেতেও বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। এ চিন্তা থেকেই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তানভীর জানান, যাঁর হাতে টাকা দিয়েছিলেন, তিনি ছিলেন মূল দালালের সহযোগী। মূল দালালের পরিচয়ও তাঁর জানা ছিল না।

ঝুঁকি জেনেও কেন বাংলাদেশিরা সাগরপথে গ্রিসে যাওয়ার চেষ্টা করছেন, এমন প্রশ্নে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, গ্রিসে ভালো অবস্থানে থাকা কিছু বাংলাদেশি দেশে তাঁদের স্বজনদের উন্নত জীবনযাপনের কথা জানান। তাঁদের কাছ থেকে এমন বার্তা পেয়ে অন্যরাও ঝুঁকি নিতে আগ্রহী হন। পাশাপাশি বেশি আয়ের প্রলোভনও তাঁদের আকৃষ্ট করে।

দূতাবাসের হিসাব অনুযায়ী, গ্রিসে প্রায় ২৪ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। দুই দেশের সমঝোতা অনুসারে, প্রতিবছর সর্বোচ্চ চার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ রয়েছে দেশটিতে। কিন্তু এই নিয়মিত প্রক্রিয়ায় কর্মী যাওয়ার সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম। সম্প্রতি গ্রিসের অলিম্পিয়া ফোরামে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, প্রশাসনিক জটিলতা ও ভিসাসংক্রান্ত সমস্যার কারণে দুই বছরে এই ব্যবস্থায় ৫০০ জনেরও কম বাংলাদেশি কর্মী গ্রিসে যেতে পেরেছেন।

লিবিয়া থেকে ৪৬ ঘণ্টার বিপজ্জনক সমুদ্রযাত্রা

তানভীরের বিদেশযাত্রার পরিকল্পনা শুরু হয় জানুয়ারির দিকে। প্রথমে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি। সেখানে ছয় দিন থাকার পর উড়োজাহাজে মিসর এবং এক রাত পর লিবিয়ায় পৌঁছান।

তানভীর জানান, লিবিয়ার বেনগাজিতে দালালের লোকজন তাঁদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেন। সেখানে খাবারের সংকটও ছিল। কখনো একজনের জন্য বরাদ্দ খাবার পাঁচজন মিলে ভাগ করে খেতে হয়েছে।

কয়েক মাস পর একদিন গাড়িতে করে তাঁদের সমুদ্রতীরে নেওয়া হয়। গ্রিসে যেতে সাগর পাড়ি দিতে হবে, তা জানতেন তানভীর। তবে দালাল তাঁকে কাঠের নৌকায় নেওয়ার কথা বলেছিলেন। তীরে পৌঁছে তিনি দেখতে পান, যাত্রার জন্য প্রস্তুত রাখা হয়েছে বাতাসভরা রাবারের নৌকা।

সেই নৌকায় ওঠেন ৫৭ জন। যাত্রার দিন আবহাওয়া প্রতিকূল ছিল। ঢেউয়ের ধাক্কায় নৌকার ভেতরে পানি ঢুকে তাঁদের সঙ্গে থাকা শুকনো খাবার নষ্ট হয়ে যায়। পান করার জন্যও ছিল সামান্য পানি। নৌকার পানি বারবার সেচে ফেলে প্রায় ৪৬ ঘণ্টা পর তাঁরা গ্রিসের উপকূলে পৌঁছাতে সক্ষম হন।

আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, দেশে ফেরার পরামর্শ

গ্রিসের তীরে পৌঁছানোর প্রায় দুই ঘণ্টার মধ্যে পুলিশ তানভীরসহ নৌকার সবাইকে আটককেন্দ্রে নিয়ে যায়। দুই দিন পর তাঁদের স্থানান্তর করা হয় লেরোস দ্বীপে। তানভীরের দাবি, শুরুতে তাঁকে বলা হয়েছিল, ১২ সপ্তাহ পর কাজের ব্যবস্থা করা হবে। কিন্তু পরে সাক্ষাৎকার নেওয়ার পর তাঁর আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার কথা জানানো হয়। এখন তাঁকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গত শনিবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক সমুদ্রপথে গ্রিসে প্রবেশ করছেন। তাঁর ভাষ্য, বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করায় বর্তমানে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে না।

অনিয়মিত পথে গ্রিসে এসে আটক হওয়া বাংলাদেশিদের বিষয়ে দূতাবাসের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে দূতাবাসের করণীয় নেই। বৈধভাবে যাঁরা গ্রিসে আসছেন, তাঁদের সহায়তা করাই দূতাবাসের দায়িত্ব।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন এখনো গ্রিসে বিবেচনাধীন রয়েছে। তবে সুরক্ষা পাওয়ার হার খুবই কম। চলতি বছরের প্রথম নয় মাসে আন্তর্জাতিক সুরক্ষা চেয়ে বাংলাদেশিদের করা আবেদনের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। একই সময়ে প্রাথমিক পর্যায়ে যেসব আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেগুলোর মধ্যে সুরক্ষা পেয়েছেন ১ শতাংশেরও কম আবেদনকারী।

লিবিয়াসহ উত্তর আফ্রিকার দেশগুলো থেকে অনিয়মিত পথে সমুদ্র পাড়ি দিয়ে আসা ব্যক্তিদের আশ্রয়ের আবেদন নিবন্ধন একবার স্থগিত করেছিল গ্রিস। ২০২৫ সালের ১৪ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওই স্থগিতাদেশ কার্যকর ছিল।

২০২১ সালে বাংলাদেশকে নিরাপদ উৎসদেশের তালিকায় অন্তর্ভুক্ত করে গ্রিস। চলতি বছরের ১২ জুন থেকে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের তালিকাতেও বাংলাদেশের নাম রয়েছে। তবে নিজ দেশে ফিরে কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতির আশঙ্কায় পড়বেন কি না, সেটি বিবেচনার সুযোগ রয়েছে। শুধু কর্মসংস্থানের অভাবকে রাজনৈতিক আশ্রয় পাওয়ার যথেষ্ট কারণ হিসেবে গণ্য করা হয় না।

জমি বিক্রি করে বিদেশ, এখন ফেরার চিন্তায় অনিশ্চয়তা

লেরোস দ্বীপের আটককেন্দ্রে থাকা তানভীর এবং কোস দ্বীপের একটি কেন্দ্রে আটক অজিব রহমানের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এ ছাড়া অন্য একটি দ্বীপে আটক শহিদুল ইসলামের বড় ভাই চট্টগ্রামের মোহাম্মদ খোকনের সঙ্গেও কথা হয়েছে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে, বিদেশযাত্রার ব্যয় মেটাতে প্রত্যেকেই জমি বিক্রি করেছেন।

অজিব রহমানের গ্রিসে পৌঁছাতে ব্যয় হয়েছে ২৬ লাখ টাকা। অন্যদিকে শহিদুলের বিদেশযাত্রায় মোট খরচ হয়েছে ১৯ লাখ টাকা। প্রায় দুই মাস ধরে গ্রিসের একটি দ্বীপের আটককেন্দ্রে রয়েছেন শহিদুল। এ সময়ে তাঁর ভরণপোষণের জন্য পরিবার থেকে আরও দেড় লাখ টাকা পাঠানো হয়েছে।

গ্রিসের লেরোস, সামোস, কোস ও লেসবোস দ্বীপের অভিবাসী কেন্দ্রগুলোতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রয়েছে। কোস দ্বীপে পুলিশের পৃথক আটককেন্দ্রও আছে। এ ছাড়া উত্তর গ্রিসের মূল ভূখণ্ডে রয়েছে সিনতিকি কেন্দ্র।

কোস দ্বীপের একটি আটককেন্দ্রে রয়েছেন ভৈরবের সম্ভুপুর এলাকার অজিব রহমান। গত বছরের ডিসেম্বরে তিনি দেশ ছাড়েন। দুবাই ও মিসর হয়ে ভ্রমণ ভিসায় লিবিয়ায় পৌঁছান। লিবিয়ায় যাওয়ার আগেই তাঁর বাবা মারা যান। সেখানে অবস্থানের সময় জানতে পারেন, তাঁর মাও মারা গেছেন।

অজিব জানান, লিবিয়ায় প্রায় পাঁচ মাস থাকার পর নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। পথে সাগরে দিক হারিয়ে ফেলেন। পাঁচ দিন পর ডেনমার্কের একটি জাহাজ তাঁদের উদ্ধার করে গ্রিসে নিয়ে যায়।

আটক বাংলাদেশিদের কারও ক্ষেত্রে তিন মাস, কারও ছয় মাস, আবার কাউকে এক বছর পর্যন্ত আটকে রাখার কথা জানানো হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। অজিবের দাবি, প্রথমে তাঁকে তিন মাস আটক রাখার কথা বলা হলেও পরে মেয়াদ এক বছর বলে জানানো হয়। তাঁর হিসাবে, এরই মধ্যে প্রায় সাত মাস আটক অবস্থায় কেটেছে।

দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আটক বাংলাদেশিদের কেউ স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে গ্রিস সরকার প্রত্যাবাসনে সহযোগিতা করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ দূতাবাসও প্রয়োজনীয় সহায়তা দেবে।

অজিবের দেশে স্ত্রী ও আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গ্রিসে যাওয়ার অর্থ সংগ্রহ করতে পরিবারের জমি বিক্রি করেছেন তিনি। এখন আর বিক্রি করার মতো জমিও অবশিষ্ট নেই। কোনো আয় ছাড়াই দেশে ফিরে পরিবারের দায়িত্ব কীভাবে সামলাবেন, সেই চিন্তায় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক গনমাধ্যমকে বলেন, গ্রিসসহ কোনো দেশে অবৈধ পথে যাওয়ার বিষয়ে সরকার উৎসাহ দেয় না। বিদেশযাত্রার আগে প্রত্যেকের নিজের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাইলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের পথে বিদেশে যাওয়া অনেক ব্যক্তি দেশে ফিরে আসছেন বলেও জানান তিনি।

আটককেন্দ্র থেকে স্বজনদের কাছে কান্নাভেজা ফোন

গ্রিসের আটককেন্দ্রগুলোতে থাকা বাংলাদেশিদের দুরবস্থার খবর দেশে তাঁদের পরিবারের সদস্যদের কাছেও পৌঁছাচ্ছে মুঠোফোনের মাধ্যমে।

চট্টগ্রামের মোহাম্মদ খোকনের ছোট ভাই শহিদুল আগে লিবিয়ায় থাকাকালে মাঝেমধ্যে কাজ পেতেন। সেখানে খাবার ও পানির সংকটের কথা শুনে তাঁদের মা উদ্বিগ্ন হয়ে পড়তেন এবং কান্নাকাটি করতেন। একপর্যায়ে ভাইকে গ্রিসে পাঠানোর জন্য খোকন সাত লাখ টাকা ঋণ নেন এবং কিছু জমিও বিক্রি করেন।

কিন্তু এখন গ্রিসের আটককেন্দ্র থেকে মায়ের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন শহিদুল। অর্থের প্রয়োজন হলে বোনের কাছেও ফোন করেন তিনি।

খোকন বলেন, কী করবেন, তা বুঝতে পারছেন না। দেশে ফিরে শহিদুলের কিছু করার মতো কোনো সম্পদও তাঁদের অবশিষ্ট নেই। সূত্র, প্রথম আলো