Last Updated on 2 hours by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রটির নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় ধাপে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এ সময় বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনার সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ অপেক্ষা ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেদিন প্রথম ইউনিটে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে দেওয়া হয়েছিল। ওই সময় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বাসসকে জানান, প্রথমবার গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়েছিল। সেই পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আবারও গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এবারও কয়েক ঘণ্টা ধরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি ও পরীক্ষার ফল বিবেচনায় নিয়ে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
দেশের বিদ্যুৎ চাহিদা ও সংকটের বিষয়টি বিবেচনায় রেখে এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে বলে জানান জাহেদুল হাসান।
তিনি বলেন, পরবর্তী পরীক্ষার প্রয়োজনে উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানো হতে পারে। কোনো কোনো কারিগরি পরীক্ষার সময় ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখারও প্রয়োজন হতে পারে। এ সময়ে উৎপাদনের পরিবর্তনের সঙ্গে গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, অর্থাৎ আগামী গ্রীষ্মের আগেই প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর প্রত্যাশা, এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমবে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় তৈরির জন্য গ্রিড সংযোগ একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্রক্রিয়া। তবে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াকে কেন্দ্রটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন হিসেবে বিবেচনার সুযোগ নেই।
তাঁরা জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে পর্যায়ক্রমে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সরবরাহকে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


