সময়ের জনমাধ্যম

ওমরাহ পালন করলেন ব্রাজিলের নারী ফুটবলার, সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম। ছবি: সংগৃহীত

Last Updated on 1 hour by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ইসলাম ধর্ম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র ওমরাহ পালন করেছেন ব্রাজিলের নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা।

সৌদি আরবের মক্কায় ওমরাহ আদায়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।

একসময় স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফুটবলার ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসরে যোগ দেন। দেশটিতে প্রায় দেড় বছর অবস্থানের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের কথা জানান সুজা।

এরপর প্রথমবার ওমরাহ পালন করেন তিনি। এবার কয়েক মাসের ব্যবধানে আবারও পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করলেন ব্রাজিলের এই খেলোয়াড়।

সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিন সুজার। ব্রাজিল জাতীয় নারী দলের হয়ে সেন্টারব্যাক বা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নিজ এলাকায় নারীদের ফুটবলে সুযোগ-সুবিধা সীমিত থাকায় ক্রীড়া বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে কলেজ পর্যায়ের ফুটবলেও অংশ নেন।

শিক্ষাজীবন শেষ করে ইউরোপে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন সুজা। ক্যারিয়ারে ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছেন তিনি।

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে ২০২৪ সালের আগস্টে সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুলাইয়ে দেশটির আরেক ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তার ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসে। সে সময় আল নাসর উইমেন দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে সুজার জীবনের নতুন এই অধ্যায়ের কথা জানানো হয়েছিল। ভিডিওর ক্যাপশনে তার জীবনে স্থিতি, শান্তি ও প্রশান্তি কামনা করা হয়।

শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণের পর প্রথমবার ওমরাহ পালন করেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। এবার দ্বিতীয়বারের মতো মক্কায় গিয়ে পবিত্র এই ইবাদত সম্পন্ন করলেন তিনি।