সময়ের জনমাধ্যম

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করছে মালয়েশিয়া

Last Updated on 5 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতীয় নাগরিকদের জন্য চালু থাকা ভিসা ছাড়া মালয়েশিয়া ভ্রমণের সুযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আগামী ৩১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টে দেওয়া এক লিখিত বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছে।

সংসদ সদস্য ড. ইসমাইল আবদ মুত্তালিবের প্রশ্নের জবাবে মন্ত্রণালয় জানায়, বিদেশি নাগরিকদের প্রবেশের আগে যাচাই-বাছাই আরও কঠোর করা এবং সীমান্ত ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২০২৩ সালে ভারত ও চীনের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের ব্যবস্থা চালু করেছিল মালয়েশিয়া। শুরুতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকার কথা থাকলেও পরবর্তী সময়ে এর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

এই ব্যবস্থায় ভারতীয় নাগরিকেরা পর্যটন, ব্যবসা কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই মালয়েশিয়ায় থাকতে পারতেন। তবে ভিসামুক্ত প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে চাকরি করা বা পড়াশোনা করার অনুমতি ছিল না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সুবিধাটি চালুর প্রথম বছরেই দেশটিতে ৯ লাখ ১৬ হাজার ৮২১ জন ভারতীয় ভ্রমণ করেন। ২০২৩ সালের তুলনায় এ সংখ্যা ছিল ২২৩ শতাংশ বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিদের প্রবেশ ও অবস্থান তদারকিতে তিন ধাপের নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় মালয়েশিয়ায় আসার আগেই যাত্রীদের তথ্য যাচাই, বিমানবন্দরে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি বাড়ানো হবে।

এদিকে গত ১ সেপ্টেম্বর থেকে চীনসহ ভিসামুক্ত প্রবেশের সুবিধাভোগী দেশগুলোর নাগরিকদের স্বল্পমেয়াদি সামাজিক ভ্রমণের ক্ষেত্রে একাধিকবার প্রবেশের অনুমতিও বন্ধ করা হয়েছে। অর্থাৎ, এ ধরনের ভ্রমণে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা আর থাকছে না।

মালয়েশিয়া সরকারের বক্তব্য, বারবার দেশটিতে যাতায়াতের সুযোগ কাজে লাগিয়ে কেউ যাতে অবৈধভাবে চাকরি কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়াতে না পারেন, তা নিশ্চিত করতেই প্রবেশ ও ভিসাসংক্রান্ত বিধিনিষেধ কঠোর করা হচ্ছে।