সময়ের জনমাধ্যম

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন, ভিয়ারেয়ালকে হারাল ৩-২ গোলে

Last Updated on 43 seconds by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: ম্যাচের শুরুতেই দুই মিনিট আট সেকেন্ডের ব্যবধানে দুই গোল হজম করে চাপে পড়ে বার্সেলোনা। ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লামিন ইয়ামাল।

তবে এসব বাধা দমাতে পারেনি কাতালানদের। সময় গড়ানোর সঙ্গে আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

রোববার (২২ নভ কাম্প নউয়ে লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা।

শুরুতে তাহন বুকানন ও টানি ওলুওয়াসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারেয়াল। পরে জেরার্দ মার্তিন ও ফের্মিন লোপেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ভিয়ারেয়ালের ডিফেন্ডার পাও নাভারোর আত্মঘাতী গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ওই গোলটিই নির্ধারণ করে ম্যাচের ভাগ্য। খেলার শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে মাঠে থাকতে হয় সফরকারীদের।

ম্যাচের পরিসংখ্যানেও বার্সেলোনার আধিপত্য স্পষ্ট। ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে তারা। গোলের উদ্দেশ্যে নেওয়া ৩০টি শটের মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভিয়ারেয়াল চারটি শট নিয়ে দুটিকে লক্ষ্যে রাখতে পেরেছে, আর সেখান থেকেই এসেছে তাদের দুই গোল।

এই জয়ে লিগের শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয় ও ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে তারা। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথম সাত মিনিটেই দুই গোল হজম করে বিপাকে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। পঞ্চম মিনিটে জেরার্দ মার্তিনের ভুলে প্রথম গোলটি পায় ভিয়ারেয়াল। নিজেদের রক্ষণভাগে প্রতিপক্ষের চাপের মুখে সতীর্থের অবস্থান না দেখেই ডান দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে শক্তিশালী শটে জাল খুঁজে নেন বুকানন।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও বার্সেলোনার জালে বল পাঠায় সফরকারীরা। দ্রুতগতির পাল্টা আক্রমণে বার্সেলোনার রক্ষণভাগকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন ওলুওয়াসেয়ি। গোলরক্ষকের মুখোমুখি হয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোল হজমের পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা। একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথম দিকে ভিয়ারেয়ালের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি স্বাগতিকরা।

২০তম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে ঢোকার সময় ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেয়ি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। শটটি পোস্টে লেগে বাইরে চলে যায়।

৩৬তম মিনিটেও গোলের সুযোগ নষ্ট করেন এই তরুণ ফরোয়ার্ড। প্রতিপক্ষের বক্সে সবার আগে পৌঁছালেও শট নেওয়ার সিদ্ধান্তে দেরি করেন তিনি। পরে নেওয়া তাঁর প্রচেষ্টা প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়। এর দুই মিনিট পর ইয়ামালের বাড়ানো দারুণ একটি বলে গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার অধিনায়ক রাফিনিয়া। ছয় গজ বক্সের বাইরে বল পেয়েও শট নিতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন ইয়ামাল। তাঁর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি বল থেকে গোলের সুযোগ তৈরি হয় জেরার্দ মার্তিন ও গার্সিয়ার সামনে। কিন্তু কেউই সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে বার্সেলোনা। ৫৩তম মিনিটে অল্প সময়ের ব্যবধানে দুটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। জেরার্দ মার্তিনের শট দারুণভাবে ঠেকিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক। ওই কর্নার থেকে মার্ক বের্নালের হেডও লক্ষ্যে থাকেনি।

এর চার মিনিট পর জুয়াও কান্সেলোর জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক পেতার গুলাসি। আবারও কর্নার পায় বার্সেলোনা।

অবশেষে ৬০তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। ছোট করে নেওয়া কর্নারের পর পেদ্রির ক্রস থেকে কোনাকুনি হেডে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার জেরার্দ মার্তিন। এতে ম্যাচে ফেরার আশা জোরালো হয় বার্সেলোনার।

এর চার মিনিট পরই সমতায় ফেরে ফ্লিকের দল। ডি-বক্সের ডান দিক থেকে ইয়ামাল প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বল পাঠান বিপরীত প্রান্তে। সেখানে ফাঁকায় থাকা ফের্মিন লোপেস শক্তিশালী শটে জাল কাঁপিয়ে ২-২ করেন।

দুই গোলের ব্যবধান হারিয়ে চাপে পড়ে ভিয়ারেয়াল। ৬৭তম মিনিটে নিজেদের ভুলেই আরও বড় ধাক্কা খায় তারা। ডি-বক্সের ডান দিক থেকে লোপেসের বাড়ানো বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ডিফেন্ডার পাও নাভারো। তাতেই প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা।

৮৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করার সুযোগ পেয়েছিলেন দানি ওলমো। তবে তাঁর জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গুলাসি। এতে ম্যাচে ফেরার ক্ষীণ আশা টিকে থাকে ভিয়ারেয়ালের।

শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি সফরকারীরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পাও নাভারো। ফলে ১০ জনের দল নিয়ে ম্যাচ শেষ করতে হয় ভিয়ারেয়ালকে।

এবারের লা লিগায় এটি ভিয়ারেয়ালের ষষ্ঠ হার। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে দলটি।