Last Updated on 3 mins by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন রক্ষায় দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সরকারি দল ও বিরোধী দলের নেতাকর্মীদের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন।
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ এবং জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তবে এনসিপির পক্ষ থেকে বর্তমান পরিস্থিতির পেছনে গত কয়েক মাসের ঘটনাপ্রবাহকে দায়ী করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসের প্রবণতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ না করা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে স্পষ্ট অবস্থান না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার যেকোনো উদ্যোগে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঐক্যের আলোচনায় সংস্কারকে সুনির্দিষ্ট এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছে এনসিপি।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম সংস্কার, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল করে গণভোটের ফলাফলের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে তাঁর দল।
এদিকে বৈঠক শেষে পৃথক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সরকারের সংস্কারসংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এ অঙ্গীকার থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে রাজনৈতিক মত, আদর্শ, পথ ও দর্শনের ভিন্নতা পাশে রেখে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহদী আমিন জানান, বৈঠকে শর্ত আরোপের কোনো বিষয় ছিল না। এনসিপির নেতারা তাঁদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন, প্রধানমন্ত্রীও সরকারের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক আদর্শের বিভেদ পেরিয়ে মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।


