Last Updated on 14 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আজ থেকে ঈদের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। ছুটি শুরু হয়ে যাওয়ায় স্বজনদের সান্নিধ্য পেতে সবার তাড়া ঘরে ফেরা নিয়ে। গতকাল বিকেল থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে মানুষের ভিড় বেড়েছে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী ১ জুন খুলবে সরকারি অফিস।
তবে ঈদের ছুটির আগে গত শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি।
তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এরপর গত ২৪ মে সাত দিন ছুটি ও দুদিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

