সময়ের জনমাধ্যম

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা। ইনসেটে, শিশু রামিসা আক্তার। ছবি সংগৃহীত

Last Updated on 4 hours by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাই কোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ রায় দেন।

এর আগে সোমবার এক দিনেই মামলাটির শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করত শিশু রামিসা। সে স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না।

গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই স্বপ্নাকে আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে স্বপ্না পুলিশকে জানান, সোহেল রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করেন। মরদেহের পরিচয় গোপন ও গুম করার উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন করেন এবং দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক কেটে দেন। পরে মরদেহ বাথরুম থেকে সরিয়ে শোবার ঘরের খাটের নিচে রাখা হয়। বিচ্ছিন্ন মাথাটি বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।

ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল ও স্বপ্নাকে আসামি করে হত্যা মামলা করেন। পরদিন সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। স্বপ্নাকেও কারাগারে রাখা হয়।

শিশুটিকে ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

মামলার বিচার শুরু হওয়ার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। ওই রায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানার অর্থ আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশও দেন আদালত।

রায়ের পর দুজনকে কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকেই তাঁরা দণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেন। পরে গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায়সহ মামলার প্রয়োজনীয় নথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে পাঠানো হয়।

পরবর্তী সময়ে হাই কোর্টের নির্দেশে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়। তিনি সোমবার সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে আদালতে শুনানি করেন। শুনানি শেষ হওয়ার পরদিন মঙ্গলবার রায় ঘোষণা করে হাই কোর্ট। এতে সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও তাঁর স্ত্রী স্বপ্না খালাস পান।