Last Updated on 36 seconds by zajira news
নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকরা।
আন্দোলন চলাকালে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের অবরোধের কারণে মিরপুরসহ ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পল্লবী থানার সেকশন-৭ এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক কর্মস্থল ছেড়ে বাসায় ফিরে গেলেও এক হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
তাঁদের অবরোধে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড়ে সড়ক আটকে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর ওই এলাকার কয়েকটি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ।
একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়ও সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ থাকে।
অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল থেমে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।
শ্রমিকদের আন্দোলন ঘিরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

