Last Updated on 1 year by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। “তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার শিকার ট্রেনটি উদ্ধারে চেষ্টা চলছে।”
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, “মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”


