সময়ের জনমাধ্যম

বিশ্বভ্রমণে বের হওয়া চীনা দম্পতি তুরস্কে গিয়ে ইসলাম গ্রহণ করলেন

Last Updated on 25 seconds by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে নতুন এক জীবনদর্শনের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি।

ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছানোর পর দেশটির আনতালিয়া শহরে একটি তুর্কি পরিবারের সঙ্গে পরিচয়, তাদের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন আট বছরের দাম্পত্য জীবনে থাকা মোইয়ান সং ও লুওশি শু। ধর্মান্তরের পর ইসলামী বিধান মেনে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেন এই দম্পতি। ভিন্ন সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও নানা অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভ্রমণের শুরুতে ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানকার মুসলমানদের অতিথিপরায়ণতা ও ব্যবহার তাদের মুগ্ধ করে। সেই অভিজ্ঞতা থেকেই ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।

ভ্রমণের ধারাবাহিকতায় একসময় তুরস্কের আনতালিয়া শহরে পৌঁছান তারা। সেখানে ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাদের পরিচয় হয়। ভাষার পার্থক্য থাকলেও ইংরেজি এবং অনুবাদ অ্যাপ ব্যবহার করে দুই পরিবারের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে তুর্কি দম্পতি চীনা পর্যটকদের নিজেদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান।

আলাপচারিতায় ইসলাম নিয়ে চীনা দম্পতির আগ্রহ ও নানা প্রশ্নের বিষয়টি বুঝতে পেরে আয়সেল তাদের হাতে পবিত্র কোরআনের একটি কপি তুলে দেন। ধর্মগ্রন্থটি পড়ার পর তাদের চিন্তাভাবনায় গভীর প্রভাব পড়ে।

পরে চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন মোইয়ান সং ও লুওশি শু। তবে ধর্মান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা আবারও তুরস্কের আনতালিয়ায় যান। যে শহরে তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছিল, সেখানেই ইসলাম গ্রহণ করেন তারা। আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে এক ইমামের মাধ্যমে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারা কালেমা পাঠ করেন।

ইসলাম গ্রহণের পর মোইয়ান সং নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শু নতুন নাম গ্রহণ করেন লায়লা বাতুল।

এদিকে তাদের আট বছরের পুরোনো বিয়েও ইসলামী বিধান অনুসারে পুনরায় সম্পন্ন করেন কাজি মুহাম্মদ কুশুক। বর্তমানে নতুন ধর্মীয় জীবন নিয়ে আগের তুলনায় বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন এই দম্পতি। ইসলাম সম্পর্কে আরও জানতে তারা চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন।

তুরস্কে আকস্মিক পরিচয় থেকে শুরু হওয়া দুই পরিবারের সম্পর্ক এখন আত্মীয়তার মতো ঘনিষ্ঠতায় পৌঁছেছে।