সময়ের জনমাধ্যম

ফিফা আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার সামনে বাংলাদেশ

Last Updated on 27 seconds by zajira news

স্পোটস ডেস্ক, জাজিরা নিউজ: জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়াম প্রস্তুত। অপেক্ষা শুধু মাঠে দুই দলের নামার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৭৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামেই ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা ৩টায় শুরু হবে ম্যাচ। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টফি।

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা বাংলাদেশই টুর্নামেন্টে মালয়েশিয়ার প্রথম পরীক্ষা। মালয়েশিয়া র‍্যাংকিংয়ে রয়েছে ১৩৬ নম্বরে! গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিল মালয়েশিয়া।

তবে এই টুর্নামেন্টে শুধু আঞ্চলিক মর্যাদার লড়াই নয়, প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে ফিফা র‍্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টও। প্রথমবারের মতো ফিফার আন্তর্জাতিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফলে অংশগ্রহণকারী দলগুলো প্রতিটি ম্যাচ থেকেই বিশ্ব র‍্যাংকিংয়ের পয়েন্ট অর্জনের সুযোগ পাবে।

ফিফা আসিয়ান কাপ এবার দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে। প্রথম ডিভিশনে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান। দ্বিতীয় ডিভিশনে খেলছে হংকং চায়না, লাওস, ব্রুনেই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে।

নতুন এই টুর্নামেন্টের ফরম্যাটেও রয়েছে ভিন্নতা। দুই ডিভিশনের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপে প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। প্রথম ডিভিশনে দুই গ্রুপের রানার্সআপরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলবে।

প্রথম ডিভিশনের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। শুরুতেই মালয়েশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। ফলে প্রতিটি ম্যাচেই বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।