সময়ের জনমাধ্যম

ভিএআরে বাঁচল রোনালদোরা, নকআউটে পর্তুগাল

Last Updated on 1 hour by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শেষ মুহূর্তে ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

ম্যাচের যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ বল জালে জড়িয়ে উল্লাসে মাতলেও সেই আনন্দ স্থায়ী হয়নি।

ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনায় মিলিমিটারের ব্যবধানে অফসাইড ছিল। ফলে গোল বাতিল করেন ম্যাচ রেফারি এবং নিশ্চিত হার থেকে রক্ষা পায় পর্তুগাল।

এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে পর্তুগাল।

রানার্সআপ হওয়ায় নকআউটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোনালদোদের জন্য। আগামী ২ জুলাই তাদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। অভিজ্ঞতা ও বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতায় এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উজবেকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।