সময়ের জনমাধ্যম

বিনা খরচে মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Last Updated on 49 seconds by zajira news

নিজস্ব প্রতিবেদক, জাজিরা নিউজ: সরকারি ব্যবস্থাপনায় কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।এই উদ্যোগের প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিদেশগামী কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিদায় জানান তিনি।

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।পাশাপাশি বিদেশে কর্মরত শ্রমিকদের সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তাদের সুস্থতা কামনা করেন এবং দেশটির প্রচলিত আইন, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন খরচে কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসেলের মাধ্যমে মোট ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে কর্মী বাছাই করা হয়। উন্মুক্ত ই-লটারি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে চাকরি করবেন। তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে। এ ছাড়া নিয়োগকর্তা কর্মীদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করবেন। বিদেশযাত্রা ও অভিবাসন প্রক্রিয়ার যাবতীয় খরচও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই উদ্যোগের পরবর্তী ধাপে আগামী ডিসেম্বর মাসে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যে ১ হাজার ৪৮ জন বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বোয়েসেল এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত চালু এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরেন তিনি। ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায়সংগত ও সাশ্রয়ী করার ব্যাপারেও দুই দেশের প্রধানমন্ত্রী একমত হন।