Last Updated on 41 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। তাঁর এই বক্তব্য প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছেন মোজাম্মেল আলী।
কে এই সৈয়দ মোজাম্মেল আলী, কী তাঁর পরিচয় এবং পেশাগত ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর ভূমিকা কী—এসব বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লেখালেখি ও বিশ্লেষণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়। যুক্তরাজ্যের সরকারি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত নথিতে তাঁর জন্ম ১৯৪৯ সালের জানুয়ারি মাসে উল্লেখ রয়েছে। তিনি ব্রিটিশ নাগরিক এবং দেশটির সারে অঞ্চলে বসবাস করেন।
লন্ডনভিত্তিক বাংলাদেশবিষয়ক গবেষণা ও আলোচনা প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান মোজাম্মেল আলী। প্রতিষ্ঠানটির উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ার নানা বিষয়েও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর নিবন্ধ ও মতামত প্রকাশিত হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দেওয়া এবং দলটির বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দেওয়ার ক্ষেত্রে তাঁকে সক্রিয় দেখা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর বিদেশি সংবাদমাধ্যমে তাঁর পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসেন মোজাম্মেল আলী। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছেন তিনি।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা জানান এই মুখপাত্র। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও একই ধরনের আকাশপথে পরিবহনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মোজাম্মেল আলী বলেন, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফলে তাঁর দেশে ফেরার ঘোষণাটি শুধু রাজনৈতিক নয়, আইনি দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


