Last Updated on 1 day by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের রাজনৈতিক পরিসরে আচমকাই উঠে এসেছে এক অভিনব নাম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
রাজনৈতিক দল নয় বরং নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী বলেই দাবি তাদের। কিন্তু জনপ্রিয়তায় এরই মধ্যে ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাপিয়ে গেছে এই তেলাপোকা দল।
ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। নতুন এই দলেই এখন মজে তরুণ প্রজন্ম (জেন জি) থেকে গোটা সোশাল মিডিয়া এবং তুখোড় রাজনীতিবিদরাও।
দলটি আত্মপ্রকাশের মাত্র ২ দিনের মধ্যে ৪০ হাজার সদস্য জুটে গেছে। আর ৫ দিনের মধ্যেই অনলাইন অনুসারী হয়েছে লাখ লাখ মানুষ। মূল ধারার গণমাধ্যমেরও নজর কেড়েছে দলটি।
ব্যতিক্রমধর্মী নাম, ভিন্নধর্মী প্রচার এবং ভাইরাল পোস্টারের মাধ্যমে তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে তারা। বিশেষ করে ফেইসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে দলটির বিভিন্ন পোস্ট ও প্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে। তরুণদের একটি বড় অংশ বিষয়টিকে নতুন রাজনৈতিক ব্যঙ্গ ও সামাজিক বার্তার সমন্বয় হিসেবে দেখছেন।
ককরোচ পার্টি নিজেদের পরিচয় দিচ্ছে, “যুবদের দ্বারা, যুবদের জন্য, যুবদের রাজনৈতিক মঞ্চ” হিসেবে। আর দলের মূলমন্ত্র, “ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস”।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুর্যকান্তের বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ হিসেবে কটূক্তির প্রতিবাদেই এই ককরোচ জনতা পার্টির সূচনা।

