Last Updated on 4 hours by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি গাড়িগুলোর নির্মাতাদের প্রশংসা করেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন তিনি।
সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে নিজ দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে এর বিভিন্ন দিক পরখ করেন। এসইউভি চালানোর সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তার পাশে বসে গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন।
প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য এদিন কার্যালয় প্রাঙ্গণে দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাতা প্রতিষ্ঠান।
তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন নেই, পাশাপাশি বিদ্যুৎ খরচও তুলনামূলক অনেক কম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যেই এগুলোর দাম নির্ধারণ করার চেষ্টা চলছে।
এসময় তারেক রহমান নির্মাতাদের আশ্বস্ত করে বলেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে দেশে যদি বৈদ্যুতিক যান উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তবে সরকার এ খাতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
গাড়ি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মাসুদ কবিরকে নিয়ে নিজ দপ্তরে যান। সেখানে ইভির বাজারজাতকরণ ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পাওয়া গেলে বেশ কম খরচেই গাড়িগুলো দেশের বাজারে আনা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে খুব শিগগিরই বিদেশে এই গাড়ি রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।
নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, এসইউভি মডেলের গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ হলে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা। তবে ফাস্ট চার্জিং প্রযুক্তিতে মাত্র আধা ঘণ্টাতেই ফুল চার্জ হয়ে যাবে।
অন্যদিকে, ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এসব ভারী গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে স্বাভাবিকভাবে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে (ফাস্ট চার্জিং) প্রায় ৪০ মিনিট সময় লাগে।
গাড়ি পরিদর্শন ও বৈঠকের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

