Last Updated on 1 day by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার একটি বিপণিবিতানে এক স্থানীয় তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে।
গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সংঘটিত এই ঘটনার পর পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত সন্দেহভাজন প্রবাসীর খোঁজে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ২০ বছর বয়সি ওই তরুণী তার প্রেমিকের সাথে শপিংমলের একটি নির্জন স্থানে অবস্থান করছিলেন।
অভিযোগ রয়েছে, সে সময় এক বাংলাদেশি গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে উক্ত ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর প্রেমিককে সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয় এবং এরপর ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী তরুণী পুলিশকে জানান, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল না।
চাঞ্চল্যকর এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরদার তদন্ত শুরু করেছে এবং অব্যাহত রেখেছে পলাতক সন্দেহভাজনকে দ্রুত গ্রেফতারের অভিযান।

