Last Updated on 2 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৬ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিতে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে প্রবাসী সাংবাদিকেরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনো তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আফরোজা আব্বাস বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময়ের জন্য চলাফেরাও করছেন মির্জা আব্বাস।
এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে দেখতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন।
মির্জা আব্বাসও তাদের সঙ্গে কথা বলেছেন এবং কুশল বিনিময় করেছেন। সাক্ষাৎকালে হাসপাতালে যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ স্থানীয় প্রবাসী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


