Last Updated on 2 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রীতি ফুটসাল ম্যাচে জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকবৃন্দ।
রোববার (১৭ মে) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর লালাপোর্ট ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ এই প্রীতি ম্যাচটি উপভোগ করতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাজির হয়েছিলেন স্টেডিয়ামে।
খেলার শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের দখলে। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় তারা। অন্যদিকে, জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দলের ক্যাপ্টেন আলী হায়দার, ড. রনি এবং গোলকিপার সাব্বির দুর্দান্ত পারফর্ম করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ সময় তারা প্রতিপক্ষের জালে আরও ৩টি গোল জড়ায়। দলের পক্ষে সর্বোচ্চ ২টি গোল করে জয়ের মূল নায়ক বনে যান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা ইমরান রাজু । ম্যাচ শেষে উৎফুল্লতার সাথে জয় উদযাপন করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন ও সিনিয়র সভাপতি রফিক আহমদ খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

