সময়ের জনমাধ্যম

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ জন

Last Updated on 8 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং আতশবাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের আশপাশের ৩ কিলোমিটার এলাকা খালি করে ফেলা হয়। প্রায় ৫০০ উদ্ধারকর্মী তল্লাশি ও উদ্ধার কাজে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হচ্ছে। খবর বিবিসির।

এদিকে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডারের গুদাম উদ্ধার অভিযানের সময় বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। দ্বিতীয়বার বিস্ফোরণ ঠেকাতে এলাকায় পানি ছিটিয়ে আর্দ্রতা বাড়ানোসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে যায়, দরজা-জানালার ফ্রেম পর্যন্ত বিকৃত হয়ে যায়। আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, যাদের অনেকেই উড়ে আসা ধ্বংসাবশেষে আহত হয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনারও নির্দেশ দেন তিনি।

লিউইয়াং শহরকে বিশ্বের অন্যতম বড় আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে ধরা হয়। তবে এ ধরনের কারখানায় বিস্ফোরণের ঘটনা চীনে নতুন নয়। এর আগে ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন।