সময়ের জনমাধ্যম

৪ পুলিশ কর্মকর্তা আটক, সন্দেহভাজনদের ওপর নজরদারি

Last Updated on 11 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাষ্ট্রবিরোধী তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহের তালিকায় থাকা পুলিশ সদস্যদের কার্যক্রম ও চলাচল পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।

তিনি বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিরোধে দেশের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি।

কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজনের সুযোগ দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়া থানা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র আরও বলেন, ডিসেম্বর মাস ঘিরে নাশকতার আশঙ্কা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।