Last Updated on 32 seconds by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।
এ কার্যক্রম পরিচালিত হবে সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে। নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষার সনদ গ্রহণ করা হবে না। এমনকি সেসব সনদের ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই স্বাস্থ্য পরীক্ষার আগে কর্মীদের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হবে।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, যথাযথ সরকারি অনুমোদন ও নির্দেশনা ছাড়া কোনো মেডিকেল সেন্টার কিংবা রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।
তবে অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ সংগ্রহের চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন যাচাই না করে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি অনুমতিহীন মেডিকেল পরীক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান করারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।
সরকারি বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরন অনুযায়ী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত করা কিংবা মন্ত্রণালয়ের দেওয়া অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, অবৈধ বা অনুমোদনবিহীন স্বাস্থ্য পরীক্ষা কিংবা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য থাকলে তা মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে ঘটনার তারিখ ও স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রাসঙ্গিক প্রমাণ জমা দিতে হবে। এ জন্য secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায় তথ্য পাঠানো যাবে।
মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় অনিয়ম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে।
এ ক্ষেত্রে কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টার—সব পক্ষকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


