সময়ের জনমাধ্যম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া’র সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক বশির

Last Updated on 7 hours by zajira news

সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ২০২৭-২৮ সেশনের জন্য ৪৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মুফতি আমিরুল ইসলাম সভাপতি এবং মাহসা ইউনিভার্সিটির সাবেক ভিপি বশির ইবনে জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরের হোটেল লাজনাদার কনফারেন্স রুমে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার ‘দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬’-এ আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব গাজি আতাউর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যের বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, বিগত নির্বাচনের পর সাধারণ মানুষ বুঝতে পেরেছে কারা সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করতে চায়।

তিনি জানান, জামায়াতে ইসলামী ব্যতীত অন্যান্য সমমনা ইসলামী দলগুলোর সাথে ঐক্য গঠনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহম্মদ খলিলুর রহমান।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তাকি উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।