Last Updated on 1 hour by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: শেষ বত্রিশের জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ সমতায়। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জার্মানদের হারিয়েছে প্যারাগুয়ে।
এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিলো প্যারাগুয়ে। অন্যদিকে, শেষ ৩২ থেকেই বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে।
প্রথমার্ধে জার্মানি ৭৮ শতাংশ বল দখলে রাখে। তবে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে জার্মানি চারটি শট নিলেও সবগুলো ছিল লক্ষ্যের বাইরে।
অন্যদিকে, প্যারাগুয়ে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখে একটিতে সফল হয়েছে। ম্যাচের ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে জার্মানির জালে বল জড়ান ফরোয়ার্ড হুলিও এনসিসো। এতেই পিছিয়ে পড়ে জার্মানি।
বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। ৫৪ মিনিটে মিনিটে অবশেষে গোলের দেখা পায় তারা। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।
অতিরিক্ত সময়ের খেলায় ১০২ মিনিটে প্যারাগুয়ের জালে বল জড়ায় জার্মানি। জোরাল এক হেডে গোল করেন জোনাথন টাহ। কিন্তু গোলটি ভিএআরে বাতিল হয়। শেষ পর্যন্ত কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শট নেয় জার্মানি। গোলকিপারের বাম দিকে প্রথম শট নেন কাই হাভার্টজ। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে সেটি ঠেকিয়ে দেন অরল্যান্ডো গিল। পরে মাউরিসিও মাগালায়েসও বাম দিকে নেন শট। তবে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঠেকাতে পারেননি।
দ্বিতীয় শটে হাভার্টজের ভুল করেননি জশুয়া কিমিখ। তিনি শট নেন ডান দিকে। তবে আগেই বাম দিকে ঝাঁপিয়ে পড়ে মিস করেন গিল। পরে বাম দিকে শট নিয়ে নয়্যারকে বোকা বানান গুস্তাভো গোমেস।
তৃতীয় শট নিতে এসে ডান দিকে মারেন জামাল মুসিয়ালা। সেদিকেই ঝাঁপান গিল। তবে অল্পের জন্য নাগাল পাননি ২৬ বছর বয়সী গোলরক্ষক। পরে শট নিতে এসে চমৎকার নিচু শটে ডান দিকে মেরে নয়্যারকে পরাস্ত করেন মাতিয়াস গালারজা।
চতুর্থ শট আবার বাম দিকে নেন নিক ভোল্টেমেড। আরও একবার সঠিক ঝাঁপ দিয়ে ঠেকিয়ে দেন গিল। ফলে প্যারাগুয়ের সামনে সুযোগ আসে জিতে যাওয়ার। কিন্তু আন্তোনিও সানাব্রিয়া ডান পাশ দিয়ে বাইরে মারলে বাড়ে তাদের অপেক্ষা।
পঞ্চম শটে কোনো ভুল করেননি নাদিয়েম আমিরি। তিনি লক্ষ্যভেদ করলে বেঁচে থাকে জার্মানির আশা। পরে প্যারাগুয়ের ফাবিয়ান বালবুয়েনা বাম দিকে শট নিলে সেদিকেই ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন নয়্যার। ফলে খেলা গড়ায় ষষ্ঠ শটে।
টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে এসে বারের অনেক ওপর দিয়ে মারেন জনাথন তাহ। ফলে আবারও সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। এবার আর ভুল হয়নি হোসে কানালের। তার বাম পাশে নেওয়া জোরাল শটে কিছুই করতে পারেননি নয়্যার।
টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানির। আর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে প্যারাগুয়ে পৌঁছে যায় শেষ ষোলোতে।


