সময়ের জনমাধ্যম

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের প্রতিবাদ

Anandabazar’s fake report on Bangladesh Army, ISPR protests

Last Updated on 1 year by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রকাশিত “উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ” শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানানো হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারত্ব, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময়, প্রশিক্ষণসহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

উল্লেখ্য, পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধিদলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত অনভিপ্রেত, অযাচিত ও আপত্তিকর।

সাংবাদিকতার সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে ওই সংবাদপত্র (আনন্দবাজার পত্রিকা) প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের কোনো মন্তব্য বা ব্যাখ্যা নেয়নি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে অনুরোধ জানানো হয় আইএসপিআরের প্রতিবাদলিপিতে।