Last Updated on 39 seconds by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় ভিসা ও কর্মঅনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) শর্ত অমান্যের ঘটনায় তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি নাগরিকেরা। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতা শনাক্ত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
মন্ত্রী জানান, পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকেরা। তাদের বিরুদ্ধে নথিভুক্ত ঘটনার সংখ্যা ৪ হাজার ৮৫৬টি। এ ছাড়া ইন্দোনেশিয়ার নাগরিকদের ২ হাজার ১৫৪টি, চীনের ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের ১ হাজার ৪৬টি, পাকিস্তানের ৮২৩টি, মিয়ানমারের ৫৩১টি, ভারতের ৫০০টি, নেপালের ৩২৮টি, লাওসের ১৭২টি এবং ফিলিপাইনের ১৫৭টি ঘটনা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি পাসের শর্ত লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। দ্য স্টার অনলাইনের হিসাব বলছে, এসব ঘটনার প্রায় ৩৭ শতাংশের সঙ্গে বাংলাদেশিরা জড়িত।
অন্যদিকে, দ্য স্টারের ২০২৫ সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান পাস (পিএলকেএস) নিয়ে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কাজ করছিলেন। দেশটির মোট বিদেশি শ্রমিকের প্রায় ৩৭ শতাংশই বাংলাদেশি।
অর্থাৎ, পাসের শর্ত ভঙ্গের ঘটনায় বাংলাদেশিদের যে অনুপাত পাওয়া গেছে, তা দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের অংশের প্রায় সমান। তবে দুটি তথ্যের সময়কাল এক নয়। পাশাপাশি ১৮ হাজার ৮৩৮টি ঘটনার মধ্যে কোন ধরনের পাসের শর্ত ভঙ্গ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মন্ত্রী। তাই বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেশি হওয়া কিংবা তাদের ওপর তুলনামূলক বেশি নজরদারি—কোন কারণে ঘটনাগুলো বেশি নথিভুক্ত হয়েছে, তা এই পরিসংখ্যান থেকে নিশ্চিত হওয়া যায় না।
পার্লামেন্টে সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ং জানতে চেয়েছিলেন, ২০২৩ সাল থেকে সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশি কোন কোন দেশের নাগরিক এবং তারা কী ধরনের কর্মক্ষেত্রে নিয়োজিত ছিলেন। তবে আটক ব্যক্তিদের পেশা বা কাজের খাত অনুযায়ী কোনো তথ্য দেয়নি মালয়েশিয়া সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, বিদেশি নাগরিকেরা সামাজিক ভ্রমণ পাস কিংবা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য ভিসা-ছাড়ের সুবিধা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করলেও, এসব অনুমতি তাদের কাজ বা ব্যবসা পরিচালনার অধিকার দেয় না।
ভিসা ছাড়াই অথবা সামাজিক ভ্রমণ পাস নিয়ে মালয়েশিয়ায় এসে অবৈধ বাণিজ্যিক ও খুচরা ব্যবসায় যুক্ত হওয়ার অভিযোগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ।
এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে যাচাই করা হয়। পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে এ সময় ২ হাজার ৩০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।


