Last Updated on 3 months by zajira news
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, প্রধান নির্বাচন কমিশনারসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এ আয়োজনে বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিত্ব লক্ষ করা যায়।
এর আগে গত ২৩ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই নিয়োগ কার্যকর হলো। বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বয়সসীমা পূর্ণ করায় ২৭ ডিসেম্বর অবসরে যান।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবী ও প্রথিতযশা বিচারক হিসেবে পরিচিত। তিনি ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরীও ছিলেন সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত বিচারপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
আইন পেশায় তাঁর পথচলা শুরু হয় ১৯৮৫ সালে জেলা জজ আদালতে। পরে ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী তিনি ২০২৮ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারিক জীবনে ন্যায়বিচার, পেশাগত সততা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে তিনি বিচার ব্যবস্থার আধুনিকায়নে সক্রিয় ভূমিকা রেখেছেন।
নতুন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিচার বিভাগে স্থিতিশীলতা ও গতি ফেরার প্রত্যাশা করা হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিচার বিভাগের স্বাধীনতা, মামলার জট নিরসন এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


