সময়ের জনমাধ্যম

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

Last Updated on 2 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি বলেছেন, “আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর (এসএসসি ও সমমান) পরীক্ষা নেওয়ার জন্য এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

“টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। আমরাও এগুলোকে দেখছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি, নেওয়া হয়েছে, নেওয়া হবে।”

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী মিলন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই ধরনের ঘটনায় সরকার তো বিব্রত হবেই, তাই না। এই ধরনের গুজবে তো সরকার বিব্রত হবেই। আপনারা খুঁজে দেখবেন এর ভেতরেরটা কী।

“এ যাবত আমি তো দেখছি আপনারা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, অভিভাবকরা সন্তুষ্ট, শিক্ষার্থীরা সন্তুষ্ট, পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এ পর্যন্ত তো আমরা ভালো খবরই পাচ্ছি। দেখি আগামী দিনগুলি সুন্দরভাবে আপনাদের সহযোগিতায় ভালোভাবে কাটাতে পারলেই আমরা খুশি।”